বিশ্বকাপের নকআউটে একাদশ নিয়ে ভাবনায় স্কালোনি

বিশ্বকাপের রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে মাঠে নামতে প্রস্তুত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আফ্রিকার দেশ কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের প্রথম ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
ম্যাচের আগে শেষবারের মতো কানসাসে অনুশীলন করবে আর্জেন্টিনা। অনুশীলন শেষে বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় দলের মায়ামির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। এর আগে পরিকল্পনা ছিল ম্যাচের আগের দিন ভেন্যুতে গিয়ে প্রস্তুতি নেওয়ার, তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।
কানসাসে নিজেদের বিশ্বকাপ ক্যাম্পে শেষ পূর্ণাঙ্গ অনুশীলন করবে আলবিসেলেস্তেরা। ধারণা করা হচ্ছে, এই অনুশীলন হবে রুদ্ধদ্বার। এখানেই কেপ ভার্দের বিপক্ষে সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন কোচ স্কালোনি।
অনুশীলন শেষে স্থানীয় সময় দুপুর ২টায় কানসাস সিটি থেকে মায়ামির উদ্দেশে যাত্রা করবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার মায়ামিতে হালকা অনুশীলনের পর শুক্রবার স্থানীয় সময় মাঠে নামবে দুই দল।
একাদশ নিয়ে চলছে জল্পনা
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আর্জেন্টিনার একাদশ নিয়ে। তবে স্কালোনি এখনো কোনো পরিষ্কার ধারণা দেননি। সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনেও সম্ভাব্য একাদশের খেলোয়াড়দের সঙ্গে অন্যদের একই রঙের জার্সি পরিয়ে রেখেছেন তিনি।
রক্ষণভাগে বাঁ প্রান্তের জায়গা নিয়ে লড়াই চলছে নিকোলাস তাগলিয়াফিকো ও ফাকুন্দো মেদিনার মধ্যে। চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ক্রিস্টিয়ান রোমেরো আবারও সেন্টার-ব্যাকে ফিরতে পারেন। সে ক্ষেত্রে নিকোলাস ওতামেন্দির জায়গা নিয়েও সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকে।
তবে সবচেয়ে বড় প্রশ্ন আক্রমণভাগে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে প্রথম একাদশে কে থাকবেন—লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, তা নিয়ে চলছে আলোচনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের মতে, মেসির আক্রমণসঙ্গী হওয়ার দৌড়ে আপাতত কিছুটা এগিয়ে রয়েছেন লাউতারো মার্টিনেজ। তবে শেষ সিদ্ধান্ত নেবেন কোচ স্কালোনিই।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলা আর্জেন্টিনার জন্য কেপ ভার্দের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। নকআউট পর্বে সামান্য ভুলও বিদায়ের কারণ হতে পারে বলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে চায় স্কালোনির দল।





