তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Wednesday, 19 August 2026
খুলনা

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

Debu Mallick  |  12 July 2026

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের মেইন পিলার-১৩ থেকে প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত রাত্রিকালীন টহল দল দায়িত্ব পালনকালে সীমান্তে সন্দেহজনক নড়াচড়া ও কথাবার্তার শব্দ শুনতে পায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা সতর্ক হয়ে অগ্রসর হয়। চারাবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, দুই অজ্ঞাতনামা ব্যক্তি সীমান্তে অবস্থান করছে। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করে।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে এবং নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশ্যে এক রাউন্ড গুলি ছোড়ে। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে গুলিবর্ষণের ঘটনায় কেউ আহত হয়নি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ওএসপি, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরা সীমান্ত দীর্ঘদিন ধরেই চোরাচালানের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে গরু, মাদক ও অন্যান্য পণ্য পাচারের চেষ্টা প্রায়ই ঘটে থাকে। বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করলেও চোরাকারবারিরা নানা কৌশল অবলম্বন করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে।

বিশেষজ্ঞরা মনে করেন, সীমান্তে আধুনিক প্রযুক্তি ব্যবহার, স্থানীয়দের সহযোগিতা এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো গেলে চোরাচালান প্রতিরোধে কার্যকর ফল পাওয়া যাবে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)