খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সাইফুর রহমান ও একটি বেসরকারি হাসপাতালে সাফিনা খানম নামে একজনের মৃত্যু হয়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এসএম আনোয়ার হোসেনের স্ত্রী।
জানা গেছে, রবিবার (৩ নভেম্বর) একটি বেসরকারি ক্লিনিকে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এসএম আনোয়ার হোসেনের স্ত্রী সাফিনা খানম। পোর্টকলোনী জামে মসজিদে যোহরবাদ জানাজা শেষে পোর্ট কলোনী কবরস্থানে দাফন করা হয়েছে। সাফিনা খানম মৃত্যুকালে তিনি দুৃই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ৬৯৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।
স্বাআলো/এস
