Uncategorized

নাশকতার পরিকল্পনা, কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

| November 20, 2023

নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার পরিকল্পনাকালে পৃষ্ঠপোষকসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের থেকে লাঠি, পাইপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার (২০ নভেম্বর) র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জহির সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক নাজমুল ইসলাম ওরফে রাসেল (২৩), রিশাত (২২), মাহফুজুর রহমান ওরফে হৃদয় (২৩), শাহপরান ওরফে আয়মন (২৩), মঈন উদ্দিন (২২), পিয়াল হাসান (২২), ইয়াসিন আরাফাত (২১), নাজিম উদ্দিন (২৪) ও রাসেল (২৫)।

নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রোচাপায় মুসল্লির মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের পৃষ্ঠপোষক নাজমুল ইসলাম রাসেল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং একাধিক অস্ত্র মামলার আসামি। তার নেতৃত্বে সোমবার ভোর রাতের দিকে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশে প্রস্ততি গ্রহণের জন্য তারা উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয় সংলগ্ন জহির সুপার মার্কেটের তৃতীয় তলায় একত্রিত হয়েছিলো। এছাড়াও তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে আতঙ্ক সৃষ্টি করে ভয়ভীতি দেখিয়ে উপজেলার ছয়ানি, জিরতলী, আলাইয়ারপুর ও আশপাশের এলাকায় ছিনতাই ও অরাজকতা সৃষ্টি করে আসছিলো।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল তাদের গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply