আওয়ামী লীগ

আন্দোলন না ভেবে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন: বিএনপিকে কাদের

| February 16, 2024

ঢাকা অফিস: পরবর্তী আন্দোলনের কথা না ভেবে বিএনপিকে এখন থেকেই পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় এ পরামর্শ দেন তিনি।

বিজয় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন করবে এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব জেল থেকে বের হয়ে আবার দিবাস্বপ্নে বিভোর হয়ে পড়েছেন।

অগ্নিসন্ত্রাসের কারণে বিএনপি শাস্তি এড়াতে পারে না: ওবায়দুল কাদের

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে আন্দোলনের বস্তুগত পরিস্থিতি খুঁজে পাওয়া যায় না। জনগণের সরকার ক্ষমতায় থাকলে দেশে ইস্যুভিত্তিক আন্দোলনের যে ইস্যু খুঁজে পাওয়া যায় না, বিএনপির সেটা হাড়ে হাড়ে দেখতে পাওয়া উচিত।

প্রধানমন্ত্রীর জার্মানি সফর নি‌য়ে ওবায়দুল কাদের ব‌লেন, এই সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য বিরাট সম্মান বয়ে এনেছেন। আজকে গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের গুরুত্ব নিঃসঙ্কোচে মেনে নিয়েছে।

এ সময় দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি নতুন করে গঠনসহ অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের দলীয় সভাপতির নির্দেশনা জানান ওবায়দুল কাদের।

‌তি‌নি বলেন, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন শাখার সম্মেলন, সহযোগী সংগঠনের প্রত্যকের অসমাপ্ত সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়ায় বিলম্বসহ সাংগঠনিক সমস্যার সমাধান করা জরুরি। বিভাগীয় দায়িত্বপ্রাপ্তরা সব শাখাগুলোকে ঢাকায় ডেকে বসতে পারেন। সমস্যা ও বিরোধ থাকলে তা সমাধানে অনতিবিলম্বে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

স্বাআলো/এস

Shadhin Alo