Uncategorized

কুয়াকাটায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

| February 20, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার কুয়াকাটায় একই ঘর থেকে আরিফ হোসেন (২৬) ও তার স্ত্রীর রিয়া মনির (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে লতাচাপলী ইউনিয়নের পশ্চিম আছালতপাড়া থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।

নিহত আরিফ হোসেনের বাবার নাম আলী হোসেন ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার।

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, আরিফ পেশায় কুয়াকাটা সমুদ্র সৈকতের একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন। তার বাবা-মা দুইজনে ঢাকায় থাকেন। কিছুদিন আগে জমি কিনে এখানে ঘর নির্মাণ করেন আরিফ। স্বামী-স্ত্রী দুইজনে দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মিশ্রিপাড়ায় এক আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসেন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিলো বলে শুনেছেন প্রতিবেশীরা।

রাত ১২টার দিকে এ দম্পতির একমাত্র শিশু কন্যার কান্নার আওয়াজ শুনে ওই বাড়িতে যান স্বজনরা। পরে রিয়া মনি এবং আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এ সময় শিশু সুমাইয়া বাবার ঝুলন্ত মরদেহের দিকে তাকিয়ে কাঁদছিলো।

নিহত আরিফের ভাগনে খাইরুল জানান, তিনি গিয়ে তার মামাকে ঘরে এবং মামীকে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo