খুলনা বিভাগ

আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই: ডরিন

| May 24, 2024

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: কেনো আমার বাবাকে কেটে কেটে টুকরো টুকরো করা হয়েছে? আমার কলিজা ছিড়ে যায়। আমি ভাবতি পারছি না আমার বাবা নেই। আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই। আমি আমার বাবাকে ছুঁয়ে দেখতে চাই। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা সবাই কসাই। তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি। তিনি নিশ্চয়ই এই কসাই হত্যাকারীদের বিচার করবেন।

শুক্রবার (২৪ মে) ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে এক বিশাল মানববন্ধনে এমপি আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিন কেঁদে কেঁদে এসব কথা বলেন।

ডরিন আরো বলেন, আমার বাবা কি দোষ করেছিলো? তাকে মারার পর কেটে টুকরো টুকরো করা হলো। ডরিন খুনের প্রধান পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিম কে ধরতে বলেন। তিনি বলেন, আপনারা তার ভাইকে জিজ্ঞাসা করেন তার ভাই শাহিন কেনো এমন নৃশংস হত্যাকাণ্ড করলো। এর বিচার না হলে খুনিরা পার পেয়ে যাবে।

মানববন্ধন চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় রাস্তার দুই পাশে আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও শুভাকাংঙ্খীরা মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভা মেয়র আশরাফূল আলম আশরাফ, উপজেলা আওয়ালী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা প্রমুখ।

মানববন্ধনে ডরিন আরো বলেন, আজ আমি এতিম হয়েছি। এ হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের জন্য প্রশাসনসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করছি।

স্বাআলো/এস

Debu Mallick