জাতীয়

সারাদেশে বৃষ্টি ঝরবে কালও

| May 27, 2024

ঢাকা অফিস: উপকূলে ঝড়, বৃষ্টি, জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে যশোর পূর্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টি ঝরছে।

সোমবার (২৭ মে) দুপুর ১২টার পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদদের মতে, আজ সারাদিন আবহাওয়া পরিস্থিতি প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, সারাদেশেই আজ বৃষ্টি হচ্ছে। আগামীকালও কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টি হবে। তবে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।

ঘূর্ণিঝড় রেমালে ১৯ উপজেলার ভোট স্থগিত

এর আগে, আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান জানান, রেমালের কেন্দ্রভাগ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার দিকে আসবে। এটি এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে ঢাকায় আরো বৃষ্টি হবে। সেই সাথে ঝোড়ো বাতাস বইবে।

তিনি বলেন, ঢাকার ওপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট হয়ে বাংলাদেশের বাইরে যাবে ৷ তবে ঘূর্ণিঝড়টি রাজধানীর ওপর দিয়ে গেলেও তেমন কোনো প্রভাব ফেলবে না।

আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী, রংপুর বিভাগের কয়েকটি জায়গা ছাড়া প্রায় সারাদেশেই বৃষ্টি হয়েছে।

যশোরে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া কুতুবদিয়ায় ১২৫ মিলিমিটার, সাতক্ষীরায় ৯৩, পটুয়াখালী ৭২, মোংলায় ৬৭, খুলনায় ৬৫, খেপুপাড়ায় ৫৮, যশোরে ৫৩, বরিশালে ও ভোলায় ৪১, চুয়াডাঙ্গায় ১৮ এবং কুমারখালীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে অধিদফতর।

রবিবার বিকেল ৪টার দিকে রিমালের অগ্রভাগ বাংলাদেশ উপকূলে আঘাত হানতে শুরু করে। মধ্যরাতের মধ্যে এর কেন্দ্র স্থলভাগে উঠে আসে। সে সময় আবহাওয়া অধিদফতর জানায়, উপকূল অতিক্রম করতে আরো পাঁচ থেকে সাত ঘণ্টা সময় লাগবে। পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড ও মোংলার মাঝখান দিয়ে ঘূর্ণিঝড়ের গতিপথ থাকলেও মূল কেন্দ্র বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করে। আজ সকাল ৯টায় প্রবল ঘূর্ণিঝড়টি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়।

স্বাআলো/এস

Debu Mallick