জাতীয়

অফিস-আদালত খুলছে আজ, চলবে নতুন সূচিতে

| June 19, 2024

ঢাকা অফিস: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের সব অফিস-আদালত খুলছে আজ। একইসঙ্গে আজ থেকেই কার্যকর হতে যাচ্ছে সব সরকারি অফিস ও ব্যাংকের নতুন সূচি।

পরিবর্তিত সূচি অনুযায়ী, বুধবার (১৯ জুন) থেকে সকাল ৯টায় শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে সরকারি অফিসগুলো। এছাড়া ব্যাংকে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

গত সোমবার (১৭ জুন) সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদের আগে ১৩ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত ১৪ জুন থেকে শুরু হয় টানা পাঁচদিনের ছুটি, যা শেষ হলো গতকাল মঙ্গলবার (১৮ জুন)।

এর আগে গত ৩ জুন মন্ত্রিসভা বৈঠকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সূচি নির্ধারণ করা হয়। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস থেকেই নতুন এই সূচি কার্যকর হবে বলে সিদ্ধান্ত নিয়েছিলো মন্ত্রিসভা

ওইদিন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, রোববার থেকে বৃহস্পতিবার অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মাঝে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। শুক্র ও শনিবার বন্ধ থাকবে।

আগে সরকারি চাকরিজীবীরা সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্তই অফিস করতেন। জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ২০২২ সালের ২৪ আগস্ট থেকে কর্মঘণ্টা কমিয়ে অফিস ও ব্যাংকের সময়সূচি বদলে দেয় সরকার। সে অনুযায়ী দুই মাসের বেশি সময় সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত।

দুই মাসেরও বেশি সময় সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সূচিতে অফিস চলার পর ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলছিল। ঈদের আগ পর্যন্ত এ সময়সূচি বহাল ছিলো।

পরিবর্তিত সূচি অনুযায়ী, আজ বুধবার থেকে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়, আর চলবে বিকেল চারটা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ব্যাংকেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। এতদিন ব্যাংকে লেনদেন হয়ে আসছিলো সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সময় ছিলো সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

স্বাআলো/এস/বি

Debu Mallick