নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে একই পরিবারের তিন সদস্যের হাত, পা ও মুখ বেঁধে সোনার গহনা লুটের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ জুলাই) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে রাজকুমার দত্তের বাড়িতে এ ঘটনা ঘটে। রাজকুমার দত্ত সোনাতলা গ্রামের অসীত দত্তের ছেলে।
রাজকুমার দত্ত বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
জানা গেছে, খুলনা জেলার শিরোমনি বাজারে চরকাষ্টিল কোম্পানী লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছেন তিনি। মঙ্গলবার (২ জুলাই) রাত ৯টার দিকে তিনি কর্মস্থলে চলে যান।
বুধবার (৩ জুলাই) ভোর রাতে তার স্ত্রী ফোন করে জানান, রাতে বারান্দার গ্রীলের তালা ও দরজা ভেঙে তিনজন মুখোশধারী যুবক ঘরে প্রবেশ করে চিৎকার করতে নিষেধ করে। প্রথমে তারা আমার বৃদ্ধ বাবা, মা, স্ত্রীর হাত-পা ও মুখ বেঁধে দুই জোড়া সোনার তৈরি কানের দুল, দুই জোড়া গলার হার, এক জোড়া বালা, দুইটি চেইন, একটি আংটিসহ প্রায় সাড়ে তিন ভরি সোনার গহনা ছিনিয়ে নেয়। পরে তারা একটি মোবাইল ফোন নিয়ে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে পালিয়ে যায়। প্রায় চার লাখ টাকার সোনার গহনা ও মালামালসহ পালিয়ে যায়।
রাজকুমার দত্ত বলেন, চোর চক্র চলে যাওয়ার পর আমার স্ত্রী তার হাত ও পায়ের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেয়। খবর পেয়ে সকালে স্থানীয় পুলিশ ক্যাম্পের সদস্যরা এসে সবকিছু পরিদর্শন করেন। সবার সঙ্গে আলোচনা করে বুধবার অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি সংঘবদ্ধ চুরির ঘটনা। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।
স্বাআলো/এস
