Uncategorized

অস্ত্র ও গুলিসহ তিন ডাকাত গ্রেফতার

| July 11, 2024

জেলা প্রতিনিধি,নোয়াখালী: জেলার সদর উপজেলা থেকে তিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, পাঁচটি কার্তুজ’সহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গতকাল বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার পূর্ব কল্যাণপুর এলাকার শেখ বাড়ির ইউছুফ ওরফে চোরা কালা (৩৪), সোনাইমুড়ী উপজেলার বারাইয়াপুর গ্রামের রাশেদ সর্দার বাড়ির আব্দুল মান্নান সোহাগ ওরফে বদ্দা (৩০) ও বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের পূর্ব খালপাড় এলাকার উজ্জল (৩২)।

অস্ত্রের ভয় দেখিয়ে স্বামী পরিত্যক্ত নারীকে ধর্ষণ, আটক ১

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে একদল ডাকাত অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরবর্তীতে তাদের ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি শুটারগান ও পাঁচটি কার্তুজ জব্দ করা হয়।

ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতারকৃত ডাকাতরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। দিনের বেলায় সিএনজি নিয়ে বিভিন্ন এলাকা রেকি করে রাতে ডাকাতি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।

স্বাআলো/এস/বি

Debu Mallick