আইন আদালত

জোড়া খুনের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড

| July 15, 2024

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরীতে ২০১৬ সালে জমি সংক্রান্ত বিরোধীদের জেরে গিয়াস উদ্দিন ও জামাল হোসেন জোড়া খুনের ঘটনায় ছয়জনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে ১৫ জন আসামির মধ্যে ১২ জন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করেও জরিমানা করেন আদালত।

কুমিল্লা আদালতের সরকারি কৌসুলী জহিরুল ইসলাম সেলিম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ২০১৬ সালে ১২ আগস্ট রাতে সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকায় আসামির পক্ষের লোকজন গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান ১২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২০ আগস্ট তদন্তকারী কর্মকর্তা আদালতে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে দাখিল করেন। দীর্ঘ তদন্ত ও বিচারকার্যে আসামিদের জবানবন্দি এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- তোফায়েল আহমেদ তোতা, কামাল হোসেন, মামুন, আলমগীর হোসেন, বাবুল ও হারুনুর রশিদ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- হায়দার আলী, আবদুল মান্নান, জামাল হোসেন, আবুল বাশার, জাকির হোসেন, আবদুল কাদের, আবদুল কুদ্দুস।

মামলার বাদী হত্যাকাণ্ডের শিকার গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বলেন, ‘আদালতের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর করারও দাবি জানাচ্ছি।’

এ সময় রায় ঘোষণা শেষে গ্রেফতারকৃত আসামিদেরকে কারাগারে নিয়ে যাওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন আসামিদের স্বজনরা।

স্বাআলো/এস

Debu Mallick