ঢাকা অফিস: শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদে ঘরে ফিরে যাওয়ার আহবান জানিয়েছে সরকার। রবিবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্র-ছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখন যারা নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়। তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাই।
উল্লেখ্য, সরকার পতনের একদফা দাবিতে রবিবার থেকে শুরু হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত সাত জেলায় ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বাআলো/এস
