খুলনা বিভাগ

বেনাপোল দিয়ে ভারতে পালানোর সময় সাবেক মেয়র গ্রেফতার

| November 19, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা শিকারপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে ৪৯ ব্যাটালিয়ন যশোর বিজিবি সদস্যরা।

সোমবার (১৮ নভেম্বর) তাকে আটক করা হয়েছে বলে শিকারপুর ক্যাম্পে উপস্থিত থেকে সাংবাদিকদের নিশ্চিত করেন ৪৯ বিজিবি যশোর ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম।

মেজর ফারজিন ফাহিম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি যশোরের শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে আসাদুর রহমান কিরণ ভারতে প্রবেশের চেষ্টা করছে।

এমন সংবাদে অধিনায়কের দিকনির্দেশনায় উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিমের নেতৃত্বে শিকারপুর বিওপির টহলদল সীমান্তবর্তী বেতনা এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, শার্শা থানার রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্তে পার হচ্ছিলো।নুরনবী রামচন্দ্রপুর গ্রামের রমজান আলীর ছেলে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের শার্শা থানায় হন্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick