জাতীয়

দাম বাড়তেই উধাও, সয়াবিন তেলে সয়লাব বাজার

| December 10, 2024

‘গত কয়েকদিন ধরে দোকানিদের একই কথা, বোতলজাত সয়াবিন তেল নেই। আর দুই-এক জায়গায় পাওয়া গেলেও ছিলো বেশি দাম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাজারে এসে দেখি ভিন্ন চিত্র। সব দোকানেই মিলছে তেল। এর অর্থ এতোদিন মানুষকে জিম্মি করে যা করা হয়েছে, তা পুরোটাই সিন্ডিকেটের কারসাজি।

বেসরকারি এক চাকরিজীবী বলেন, সংকটের অজুহাতে প্রায়ই নিত্যপণ্যের দাম বাড়ানো হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় আমাদের মতো সাধারণ মানুষের। বাধ্য হয়ে কিনতে হয় বেশি দামে। কিন্তু যারা দাম বাড়ান, তাদেরও বোঝা উচিত খরচ বাড়লেও আমাদের উপার্জন তো আর বাড়ে না। আসলে তারা মানুষকে মানুষই মনে করে না। বোঝে শুধু অন্যকে জিম্মি করে নিজেদের পকেট ভারি করতে।

তিনি বলেন, সকালে এসেও ফিরে গিয়েছি, ১ লিটারের সয়াবিন তেল নাই। অথচ আজ দেখছি সব দোকানেই তেল। এইটা কোনো কথা কন? যার যা ইচ্ছা করবে, কেউ কিচ্ছু বলবে না?

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, বাজারে সয়লাব বোতলজাত সয়াবিন তেলে। তবে নতুন দরের তেল না আসায় এখনো আগের দামেই তেল কিনতে পারছেন ক্রেতারা।

বিক্রেতারা আরো বলেন, বুধবার (১১ ডিসেম্বর) থেকে নতুন তেল বাজারে এলে ১৭৫ টাকা লিটার বিক্রি হবে।

এর আগে, সোমবার (৯ ডিসেম্বর) সারাদেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানোর কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার আট টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে ভোজ্যতেলের সরবরাহ সংকট হয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, মূলত এ কারণেই দাম বাড়ানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick