আগামীকাল ৫৩তম মহান বিজয় দিবস। পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এদিন বিজয় অর্জন করে স্বাধীন বাংলাদেশ। বাঙালি জাতি স্থায়ীভাবে পায় তার লাল-সবুজের পতাকা। শত শত সন্তানহারা মায়ের আর্তনাদ ও হাজার হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিজয় নিশান ওড়ে বাঙলার বুকে।
বিজয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ প্রাঙ্গণকে সাজিয়ে তোলা হয়েছে লাল-সবুজের আভায়। আগামীকাল সকাল থেকে জাতির বীর সন্তাদের শ্রদ্ধা জানাতে এখানে নামবে হাজারো মানুষের ঢল।
শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা সুশৃঙ্খল ও নিরাপদ করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির আঁচড় ও বাহারি ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের সমন্বয়ে প্রাঙ্গণ জুড়ে তৈরি করা হয়েছে লাল-সবুজের দারুণ এক আবহ। এছাড়া লেক সংস্কার ও স্মৃতিসৌধের পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন বলেন, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখবে।
স্বাআলো/এস
