খুলনা বিভাগ

খুলনায় যুবককে গুলি করে হত্যা

| December 19, 2024

খুলনায় সন্ত্রাসীর গুলিতে সোহেল নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর হাজী মুহাসীন রোড আরজান আলী লেনে এ ঘটনাটি ঘটে।

নিহত যুবক সাতক্ষীরার আমুলিয়া রাজাপুর এলাকার খালেক কারিগরের ছেলে।

তিনি খুলনা নগরীর বাবুখান রোডের দ্বিতীয় গলিতে বসবাস করেন। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা নগরীর ৪৩ হাজী মুহাসিন রোড মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজ ফ্লেক্সিলোডের দোকানে বসে ছিলেন সোহেল। এ সময়ে কয়েকজন সন্ত্রাসীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল দোকান থেকে দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার পেটের বাম পাশে বিদ্ধ হয়। এ সময়ে সোহেল জমাদ্দার টাওয়ারের সামনে পড়ে গিয়ে পুনরায় উঠে দৌড় দিতে গিয়ে আরজান আলী সড়কের মধ্যে পড়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গিয়াস বলেন, বাবুখান রোড দ্বিতীয় গলির বাসিন্দা সোহেল ওইদিন রাত ৮ টার দিকে হাজী মহসিন রোডের আরজান আলী লেনের মাথায় গেলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি করে। গুলি তার পেটের বামপাশ দিয়ে বের হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হত্যাকারীদের গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছে।

স্বাআলো/এস

Debu Mallick