নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনের হাতে নয়। প্রধান উপাদেষ্টা যেমন বলেছেন চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের প্রথমার্ধ্বে যেকোনো সময় দিনক্ষণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই টাইমফ্রেমকে ধরে নির্বাচন।
রবিবার (২৬ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবুল ফজল সানাউল্লাহ বলেন, ভোট যখনই হোক আমাদের একটা ভোটার তালিকা প্রযোজন হবে। অভিযোগ যাতে না থাকে সেজন্যই আমাদের কমিশন সভার সিদ্ধান্ত মতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা প্রনয়ণ করা হচ্ছে। নির্দিষ্ট সময়ে খসড়া হয়ে গেলে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে।
তিনি বলেন, ভোটার তালিকা নিয়ে অভিযোগ কাটিয়ে ওঠার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করা হবে। ভুয়া ভোটার তালিকা, মৃত ভোটারদের উপস্থিতি, বিদেশি নাগরিকদের উপস্থিতি, দ্বৈত ভোটারদের উপস্থিতি এসব কাটিয়ে ওঠার জন্যই ভোটার তালিকা হাল নাগাদ করা হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা হচ্ছে আগামীতে একটা সুষ্ঠ, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন। এই ধরনের নির্বাচনের প্রথম শর্তই হচ্ছে স্বচ্ছ ও সুষ্ঠু ভোটার তালিকা।
স্বাআলো/এস
