Uncategorized

নির্বাচন যথা সময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে: কর্নেল অলি

| April 19, 2025

ঢাকা অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যথাসময়ে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করলে বর্তমান অন্তর্বর্তী সরকারকেও আগের আওয়ামী লীগ সরকারের মতো পালাবার পথ খুঁজতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) এলডিপিতে আয়োজিত এক গণযোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে নাটক করছে অন্তর্বর্তীকালীন সরকার। সব রাজনৈতিক দল ঐকমত্য না হলে সংস্কারের নাটক করেও লাভ হবে না।

সাম্প্রতিক গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন এবং দেশকে অস্থিরতা থেকে মুক্ত করতে সকল রাজনৈতিক দলের ঐক্যের উপর জোর দেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা ও কাজের মধ্যে মিল নেই অভিযোগ করে এলডিপি সভাপতি বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বিনিয়োগ নিয়ে ফাঁকা বুলি ও মিথ্যা তথ্য দিয়ে বিগত ৮ মাস ধরে তারা ক্ষমতায় বসে আছেন।

অনুষ্ঠানে দলটির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ বলেন, জুলাই আন্দোলনের সব কৃতিত্ব নিজেরা নিয়ে আজ বৈষম্যবিরোধী আন্দোলন দেশকে বৈষম্যের মধ্যে ফেলে দিচ্ছে।

এ সময় এলডিপিতে সদ্য যোগদানকারী ড. চৌধুরী হাসান সারওয়ার্দী তার বক্তব্যে একটি সত্যিকারের সুখী, সমৃদ্ধ ও শোষণহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

স্বাআলো/এস

Shadhin Alo