খুলনা বিভাগ

খুলনায় থানার পাশেই ডাকাতি, ১৩ লাখ টাকার মালামাল লুট

| April 21, 2025

খুলনা ব্যুরো: খুলনার বটিয়াঘাটা থানার একেবারে সন্নিকটে একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২১ এপ্রিল) থানা সংলগ্ন কিসমত ফুলতলা সিলিন্দামারী গ্রামের বাসিন্দা আলহাজ মোদাচ্ছের হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক আলহাজ্ব মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ওযু করতে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলতে গেলেই বাইরে আগে থেকে ওঁৎ পেতে থাকা ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা মোদাচ্ছের হোসেনের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তাকে দোতলায় নিয়ে যায়। সেখানে কলিংবেল বাজালে তার ছেলে শামীম আল মামুন দরজা খোলেন। এরপর ডাকাতরা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তারা আলমারি ভেঙে ৮ থেকে ১০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৮২ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা বেশ কিছু কাপড়চোপড় লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১২ থেকে ১৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী আলহাজ্ব মোদাচ্ছের আলী জানান, ফজরের আজান শুনে তিনি নামাজ পড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই কয়েকজন লোক দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে এবং তার ছেলের ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা প্রাথমিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে। থানার এতো কাছে এমন ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo