খুলনা বিভাগ

পুকুরে গোসল করতে নেমে কুয়েট শিক্ষার্থীর মৃত্যু

খুলনা ব্যুরো | May 6, 2025

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে শান্তুনু কর্মকার (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ মে) এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাসার মোহাম্মাদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শান্তুনু কর্মকার পুরান ঢাকার রাজার দেউড়ি এলাকার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে। তিনি কুয়েটের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তার রোল নম্বর ছিল ২৩১৭০৪৪।

খুলেছে কুয়েট, ক্লাসে ফিরতে নারাজ শিক্ষকরা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা সদর স্টেশনের এক ফায়ারম্যান, যিনি উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন, জানান, আমরা দুপুর তিনটার দিকে খবর পাই কুয়েটের পুকুরে একজন ডুবে গেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে ছুটে আসি। সেখানে শিক্ষার্থীসহ অনেক মানুষের ভিড় দেখতে পাই। আমরা দ্রুত পানিতে নেমে সর্বোচ্চ তিন মিনিটের মধ্যেই ডুবে যাওয়া শিক্ষার্থীর মরদেহ শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হই।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার বলেন, পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থীকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করার পর তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, দুপুর ৩টার দিকে কুয়েট শিক্ষার্থী শান্তুনু ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামেন। দীর্ঘক্ষণ পরও তিনি ফিরে না আসায় তার সহপাঠীরা উদ্বিগ্ন হয়ে পুকুরের চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়া হলে তারা পৌনে ৪টার দিকে পুকুর থেকে শান্তুনুকে উদ্ধার করেন। দ্রুত তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহত শান্তুনু কর্মকারের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় কুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী ও শিক্ষকরা এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo