খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত কালা তুহিনসহ তিনজনকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৬ মে) রাতে জেলার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গানপাউডার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া মেজর দেবাশীষ।
আটককৃতরা হলেন- গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, তার অপর দুই সহযোগী আহসান ও হাবিব।
মেজর দেবাশীষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজারের কিছুটা ভেতরে একটি নির্জন স্থানে কয়েকজন সন্ত্রাসী অপরাধমূলক কার্যক্রম সংঘটিত করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের সহযোগিতায় সেখানে যৌথবাহিনী অভিযান চালায়। যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন, আহসান এবং হাবিবকে আটক করা হয়।
খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
তিনি আরো জানান, আটককৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, ১৭ বোতল বিদেশি মদ, দেড় কেজি গানপাউডার, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র, দুটি মোটরসাইকেল এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা মামলাসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
আটককৃতদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই সেনা কর্মকর্তা।
স্বাআলো/এস
