যশোরে গাঁজা কাটাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বাটালি দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
রবিবার (১১ মে) সদর উপজেলার ভেকুটিয়া শেখপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
আহত হাসান একই গ্রামের বাসিন্দা এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভেকুটিয়া শেখপাড়া কমিউনিটি ক্লিনিকের পেছনে হাসান ও তার বন্ধু মিকাইলসহ আরো কয়েকজন মিলে গাঁজা কাটতে বসে। এসময় তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। বিতর্কের এক পর্যায়ে মিকাইল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সঙ্গে থাকা গাঁজা কাটার বাটালি দিয়ে হাসানের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার আকস্মিকতায় অন্যরা কিছু বুঝে ওঠার আগেই মিকাইল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তীব্র দাবদাহে পুড়ছে যশোর, জনজীবনে চরম ভোগান্তি
খবর পেয়ে হাসানের আত্মীয়-স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসান হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পলাতক অভিযুক্ত মিকাইল শেখপাড়া এলাকার মৃত সামসুর ছেলে বলে স্থানীয়রা জানিয়েছে।
যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, আহত হাসান ও অভিযুক্ত মিকাইল দুজনেই বন্ধু। বন্ধুদের মধ্যে কোনো বিষয় নিয়ে গোলযোগের (বিরোধের) জের ধরেই এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, তারা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কিনা, সে বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হবে।
এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে।
স্বাআলো/এস
