খুলনা বিভাগ

যশোরে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক | May 14, 2025

যশোরের মণিরামপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন।

নিহত শাহিন হোসেন ইসলাম ইটভাটার মালিক এবং মণিরামপুর পৌর এলাকার মোহনপুর বটতলা মোড়ের ব্যবসায়ী নুর ইসলামের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের মণিরামপুর অংশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় একটি দ্রুতগতির প্রাইভেটকার যশোর থেকে কেশবপুরের দিকে যাচ্ছিলো। একই সময়ে একটি মোটরসাইকেল চিনাটোলা বাজার থেকে মণিরামপুরের দিকে আসছিলো। পথিমধ্যে স্টার ইটভাটার সামনে পৌঁছালে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

যশোরে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এতে মোটরসাইকেল চালক শাহিন হোসেন ছিটকে রাস্তায় পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাটার মোড়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo