খুলনা বিভাগ

মাগুরায় ছুরিকাঘাতে একজন নিহত

লিটন ঘোষ জয়, মাগুরা লিটন ঘোষ জয়, মাগুরা | May 19, 2025

ইজিবাইক চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে মারধরকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম হাসান শেখ (১৮)। তিনি আলোকদিয়া গ্রামের পাঞ্জু শেখের ছেলে।

আহতরা হলেন- মৃত জয়নাল শেখের ছেলে মিজান (৪৮) ও রিপন (৪০) ও পাঞ্জু শেখ। রিপন শেখই মানসিক ভারসাম্যহীন যুবক যাকে মারধর করা হয়েছিলো।

স্থানীয়রা জানান, আলোকদিয়া গ্রামের মৃত জয়নাল শেখের মানসিক ভারসাম্যহীন ছেলে রিপন শেখ (৪০) রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিবের (৩০) সিগারেট চাইতে যান। এ সময় রাজিব রিপনকে ইজিবাইক চোর মনে করে তাকে ধরে একটি গাছের সাথে বেঁধে উপর্যুপরি মারধর শুরু করেন।

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: ফরেনসিক চিকিৎসকদের সাক্ষ্যে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ

রিপনের পরিবার এ ঘটনা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং রাজিব ও তার পরিবারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাজিবের ছোট ভাই আল আমিন (২৩) ঘর থেকে একটি ধারালো ছুরি এনে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এতে রিপনের পরিবারের চারজন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসান শেখকে মৃত ঘোষণা করেন। মিজান, রিপন ও পাঞ্জু শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

স্বাআলো/এস

Shadhin Alo