কুষ্টিয়ায় রাসেলস ভাইপার সাপের কামড়ে মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে একজন হলেন দৌলতপুর উপজেলার গবরগাড়া গ্রামের নাড়া ফকিরের ছেলে আশরাফুল হোসেন কালু (৩৫)। তিনি পেশায় কৃষক ছিলেন। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে আম বাগান থেকে বাড়ি ফেরার পথে তাকে রাসেলস ভাইপার কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও বুধবার (২৮ মে) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপর নিহত ব্যক্তি হলেন কুমারখালী উপজেলার চর জগন্নাথপুর গ্রামের করিম প্রামাণিকের ছেলে কামরুল প্রামাণিক (৫০)। তিনিও কৃষি কাজ করতেন। বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলা বাগানে কাজ করার সময় তাকে একই সাপ কামড় দেয়।
যশোরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
কামরুলের ভাতিজা বিপুল প্রামাণিক জানান, কামড়ের পর চাচা কামরুল সাপটি মেরে হাতে নিয়ে বাড়ি চলে আসেন। তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও হোসেন ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্ত দুই ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এবং এতে হতাহতের ঘটনা ঘটছে। এই ঘটনায় কুষ্টিয়া অঞ্চলের কৃষকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্বাআলো/এস
