খুলনা বিভাগ

চিত্রশিল্পী সমীর মজুমদার আর নেই

জেলা প্রতিনিধি, নড়াইল জেলা প্রতিনিধি, নড়াইল | May 31, 2025

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের শিষ্য এবং নড়াইলের এসএম সুলতান শিশুস্বর্গের চিত্রাঙ্কন বিভাগের শিক্ষক সমীর মজুমদার পরোলোগমন করেছেন।

শনিবার (৩১ মে) ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৫৫ বছর বয়সী এই শিল্পী। তার মৃত্যুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পূত্র সন্তান রেখে গেছেন। তার বাড়ি নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের পংকবিলা গ্রামে। সম্প্রতি তিনি ডায়াবেটিস, লিভার, কিডনি, শ্বাসতন্ত্রসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

শনিবার প্রয়াত এই শিল্পীর মরদেহ নড়াইলে এসে পৌঁছালে প্রথমে সুলতান মঞ্চে নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এবং পরে শিশুস্বর্গের সামনে তাকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

নড়াইলে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

জেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার লিখন কুমার রায়, জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী, খুলনা আর্ট কলেজের সাবেক শিক্ষক চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল এস.এম সুলতান বেঙ্গল আর্ট কলেজের সাবেক অধ্যক্ষ চিত্রশিল্পী অনাদি বৈরাগী, এস.এম সুলতান কমপ্লেক্স-এর কিউরেটর তন্দ্রা মুখার্জ্জী, চিত্রশিল্পী নিখিল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিনিধি গ্যালারি সুপারভাইজার মিজানুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু প্রমুখ উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।

পরে দুপুরে পংকবিলা গ্রামে নিজ বাড়ির অঙ্গিনায় তাকে সমাধিস্থ করা হয়।

প্রসঙ্গত, প্রয়াত শিল্পী সমীর মজুমদার ১৯৯৪ সালে খুলনা আর্ট কলেজ থেকে বিএফএ পাশ করেন। তিনি শিল্পের বিভিন্ন মাধ্যমে (যেমন-তেল রং, জল রং, চারকোল, কলম, কাঠ, পেন্সিল, এক্রেলিক ও ভাস্কর্য) কাজ করেছেন। নড়াইলের সুলতান মঞ্চে স্থাপিত শিল্পী এস.এম সুলতানের আবক্ষ ভাস্কর্য তার হাতে তৈরি।

স্বাআলো/এস

Shadhin Alo