খুলনা বিভাগ

নড়াইলে ডোবায় পড়ে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল জেলা প্রতিনিধি, নড়াইল | June 4, 2025

নড়াইলের কালিয়া উপজেলার আটলিয়া গ্রামে বাড়ির পাশের ডোবায় পড়ে আপন চাচাতো ভাই রাহাদ শেখ ও রিহান শেখের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ শেখ এবং শিমুলের ছোট ভাই রিয়াজ শেখের ছেলে রিহান শেখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় তাদের মা ও চাচী গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর উঠানে তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির দক্ষিণ পাশে উঠানের সঙ্গেই লাগোয়া ডোবায় তাদের ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা।

নড়াইলে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

দ্রুত তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুদের দাদা শফি শেখ কাঁদতে কাঁদতে বলেন, সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হয়েছি। ১০টার দিকে এক প্রতিবেশী ফোন দিয়ে জানায় দ্রুত বাড়ি আসো। এসে দেখি আমার দুই ভাই পানিতে ডুবে মারা গেছে। আমার ঘর খালি হয়ে গেল।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo