খুলনা বিভাগ

শার্শায় ছুরিকাঘাতে যুবক খুন, আটক ১

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি | June 5, 2025

যশোরের শার্শা উপজেলায় মাদক বিক্রেতাদের ছুরিকাঘাতে সবুজ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সোহেল রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় রাজু (২২) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) উপজেলার জামতলা টেংরা হাইস্কুলের সামনে থেকে সোহেল রানাকে আটক করা হয়।

আটক সোহেল রানা বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার উলাশী ইউনিয়নের খাজুরা গ্রামের দক্ষিণ বুজরুজবাগানগামী মাটির রাস্তার উপর থেকে স্থানীয়রা সবুজ ও রাজুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেয়ার পর সবুজকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাজুকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত সবুজ উপজেলার যাদবপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে এবং আহত রাজু খাজুরা গ্রামের নূর হোসেনের ছেলে।

শার্শায় ছুরিকাঘাতে যুবক খুন

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, নিহত সবুজ, আহত রাজু এবং তাদের সঙ্গী কালু ঘটনার দিন রাতে মাঠে কলাবাগান পাহারা দিচ্ছিলেন। রাত ১০টার দিকে সোহেল রানা ও তার সহযোগী আল আমিন ৫০ পিস ইয়াবা নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলো। এসময় সবুজ তাদের গায়ে টর্চলাইট মেরে দাঁড়াতে বলেন এবং পরিচয় জানতে চান।

তখন তারা জানায়, তারা দক্ষিণ বরুজবাগান গ্রামের রফিকুল ইসলামের ছেলে নুরুন্নবী ওরফে বাবুর লোক। সবুজ বাবুকে ফোন কল দিতে গেলে সোহেল তার ফোন কেড়ে নেয়। এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে ঘাতক সোহেল রানা তার কাছে থাকা চাকু দিয়ে প্রথমে রাজুকে আঘাত করে। পরে সবুজ প্রতিরোধ করতে গেলে তাকেও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
তাদের চিৎকারে কালু দৌড়ে গিয়ে স্থানীয়দের খবর দিলে তারা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সহকারী পুলিশ সুপার আরো জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেফতার করেছে। এই হত্যায় জড়িত সোহেল রানার সহযোগী আল আমিনকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক সোহেল রানাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্বাআলো/এস

Shadhin Alo