যশোরের সীমান্তবর্তী উপজেলা বেনাপোল ও শার্শায় গত তিনদিনে দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। এর মধ্যে একজনকে কুপিয়ে এবং অন্যজনকে বোমা মেরে হত্যা করা হয়েছে। এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন (৩০)।
পুলিশ জানিয়েছে, আটক আহসান কবির যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের বাসিন্দা ও রিপন হোসেন বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সর্বশেষ মঙ্গলবার (১১ জুন) রাত ১১টার দিকে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি চায়ের দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।
এর আগে রবিবার (৯ জুন) রাতে বেনাপোলের ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে আব্দুল হাই (৫৫) নামে আরেক বিএনপি কর্মীকে হত্যা করা হয়। নিহত আব্দুল হাই ওই গ্রামের হারান হকের ছেলে।
বেনাপোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন জানান, নিহত লিটন হোসেন ও আব্দুল হাই বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাদের হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিএনপির এই নেতা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তিনদিনে শার্শা উপজেলায় দুইটি হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনাগুলোতে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত দুইজনকে আটক করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।
স্বাআলো/এস
