নড়াইলের লোহাগড়ায় একটি বিলের মধ্যে থাকা তীল ক্ষেত থেকে এক অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) উপজেলার দিঘলিয়া ইউনিয়ন মৌজার কোলা এলাকায় ঘটনাটি ঘটে।
তবে উদ্ধার হওয়া কঙ্কালটির পরিচয় বা সেটি নারী না পুরুষের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের বিলের মধ্যে তীল কাটতে গিয়েছিলেন লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের সাখাওত হোসেন। তীল ক্ষেতের মধ্যে তিনি একটি অজ্ঞাত মানুষের কঙ্কালের হাড় ও মাথার খুলি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পান। পরে তিনি লোহাগড়া থানায় খবর দেন।
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কঙ্কালটি উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নারীর কঙ্কাল।
তিনি আরো বলেন, কঙ্কালটির পরিচয় শনাক্তের জন্য সকল থানায় বার্তা পাঠানো হচ্ছে। পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বাআলো/এস
