খুলনা বিভাগ

আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাাজির বিরুদ্ধে: যশোরে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | July 11, 2025

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের আগামীর আন্দোলন হবে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। এসব জঞ্জাল ছেঁটে ফেলে একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি, যেখানে শুধুই আলোকিত মানুষ থাকবে এবং কোনো অন্যায় ও দুর্নীতি থাকবে না।

জুলাই পদযাত্রার ১১তম দিনে শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত পথসভায় তিনি এই ঘোষণা দেন।

পথসভায় এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্নীতির সাথে যুক্ত হয়, দল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে। কিন্তু এ কথা বলে এনসিপিকে ভয় দেখাবেন না। এনসিপি জণগনের সাথে ইনসাফ করা লোক চায়।

এনসিপির জুলাই পদযাত্রা, যশোরে সমাবেশ আজ

পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সংস্কারের আলাপ এখনো টেবিলে আছে, কাউকে রাজপথে নামাতে বাধ্য করা উচিত নয়। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে তাদের “দাদাগিরি” মেনে নেয়া হবে না।

দলের উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের রেলরোডের একটি অভিজাত হোটেলে দুপুর ১২টায় যশোরে জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন। পরে স্থানীয় মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে পদযাত্রায় অংশ নেন নেতৃবৃন্দ। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থল ঈদগাহ মোড়ে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং তাদের মধ্যে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। পথসভা শেষে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন।

স্বাআলো/এস

Shadhin Alo