সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) দিবাগত রাত ও সকালে পৃথকভাবে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের শফিকুল ইসলাম (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের আসকর আলী (২৪)।
সুনামগঞ্জের ঘটনা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে নিহত হয়েছেন শফিকুল ইসলাম। তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দোয়ারাবাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ শফিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলামের বুকে গুলি লেগেছিল।
ঠাকুরগাঁওয়ের ঘটনা:
অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে নিহত হয়েছেন আসকর আলী (২৪) নামে এক যুবক। শনিবার ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।
নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সেক্টরের ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি জানান, নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।
স্বাআলো/এস
