খুলনা বিভাগ

সাতক্ষীরায় ভয়াবহ ডাকাতি: ৩ সদস্য অজ্ঞান, স্বর্ণ ও টাকা লুট

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা রঘুনাথ খাঁ, সাতক্ষীরা | July 12, 2025

সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করার পর জানালার গ্রীল কেটে একটি বাড়িতে বড় ধরনের ডাকাতি সংঘটিত হয়েছে। দুর্বৃত্তরা পাঁচ ভরি সোনার গহনা ও নগদ ৮৩ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় অচেতন অবস্থায় পরিবারের তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কাশীশরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অচেতন তিনজন হলেন- বাড়ির মালিক শাহীনুর রহমান (৪৫), তার স্ত্রী মাসুমা পারভিন (৪০) এবং শাহীনুরের মা নুরুন্নেছা খাতুন (৭০)। শাহীনুর ও তার স্ত্রী মাসুমা পারভিনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং নুরুন্নেছা খাতুনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাশীশরপুর গ্রামের শাকিলা খাতুন জানান, শাহীনুর রহমান ও তার পরিবারের সদস্যরা শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে খাওয়া দাওয়া শেষে ঘুমোতে যান। পরদিন শনিবার সকাল ৮টার দিকে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি শুরু হয়। দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ার একপর্যায়ে তারা দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে তারা পরিবারের তিন সদস্যকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। এছাড়া ঘরের শোকেজ ও আলমারির কাঁচ ও তালা ভাঙা অবস্থায় দেখতে পান।

পুরোনো রাজনীতিতে ফেরা সহজ হবে না: সাতক্ষীরায় নাহিদ ইসলাম

ঘটনাটি তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। অচেতন অবস্থায় ওই তিনজনকে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় শাহীনুর রহমান ও তার স্ত্রী মাসুমা পারভিনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, দুর্বৃত্তরা আলমারি ও শোকেজের তালা ভেঙে তিনটি সোনার রুলি, দুটি সোনার আংটি, একটি ছোট ও একটি বড় সোনার চেইনসহ মোট পাঁচ ভরি সোনার গহনা এবং নগদ ৮৩ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে এবং চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে এই ডাকাতি সংঘটিত করেছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং দোষীদের আটকের চেষ্টা চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo