দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
বুধবার (১৫ নভেম্বর) রাতে তফসিল ঘোষণার পর রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে রাত ৭টায় জাতির জাতির উদ্দেশে দেয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তফসিল ঘোষণার পর তাৎক্ষণিকভাবে মিছিল বের করা হয় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এই মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা অংশ নেন। নেতারা নির্বাচনের আগ পর্যন্ত যেকোনো পরিস্থিতিতে মাঠে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিরোধ করার ঘোষণা দেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনে থেকে মিছিলটি বের করা হয়। এ সময় নেতারা নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে রাজপথে থাকার কথা জানান।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে রাজধানীর ফার্মগেটে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এছাড়াও দেশজুড়ে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আনন্দ মিছিল বের করেছে।
স্বাআলো/এসএ