জাতীয়

এবার ৬ বাংলাদেশি মাঝিকে ট্রলারসহ অপহরণ করলো আরাকান আর্মি

| November 13, 2024

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে দুইটি ট্রলারসহ ছয়জন মাঝিকে অপহরণ করেছে মিয়ানমারের আরাকান আর্মি।

বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ।

তিনি বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুইটি ট্রলার সোমবার ছয়জন মাঝি নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু নাফ নদীতে জোয়ার ভাটার কারণে ট্রলার দুইটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদী হয়ে আবারো সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও সেন্টমার্টিনে পৌঁছায়নি।

তিনি আরো বলেন, জানতে পেরেছি, ছয় মাঝিসহ দুইটি ট্রলার মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক মহিউদ্দীন আহমেদ বলেন, ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানা নেই। এ ছাড়াও কেউ অবহিতও করেনি।

স্বাআলো/এস

Debu Mallick