Uncategorized

চুয়াডাঙ্গায় ২০ বিঘা জমির পানের বরজ ও কলাবাগান ভস্মীভূত

| May 3, 2024
জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের দুয়ারপাড়ার মাঠে ২০ বিঘা জমির পান বরজ ও কলাবাগান ভস্মীভূত হয়েছে।
গত বুধবার (১ মে) রাত এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলে পানের বরজ ও কলাবাগান ভস্মীভূত হয়।
বৃহস্পতিবার (২ মে) বিকালের পর পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্থদের বিষয়টি উপজেলা কৃষি অফিস থেকে জানা যায়।
খবর পেয়ে আলমডাঙ্গা ও পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা দমকলের চারটি ইউনিটের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, দোয়ারপাড়ার মাঠ জুড়ে পান বরজসহ বিভিন্ন ফসল রয়েছে। এদিন  রাতে হঠাৎকরে একটি পানের বরজে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পাশের কয়েকটি পান বরজে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ও হরিনাকুন্ডু উপজেলার দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকে। চারটি ইউনিট ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনলেও প্রায় ২০ বিঘা জমির পানের বরজ ও কলাবাগান আগুনে পুড়ে যায়। আগুনে অনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে লিফাজ উদ্দিনের দুই বিঘা, রফিকুলের ১০ কাঠা, রাহুলের এক বিঘা, খাজা মিয়ার ১০ কাঠা, মানোয়ারের ১০ কাঠা, আলী হোসেনের ১০ কাঠা, জয়বদ্দিনের ১০ কাঠা, ঝন্টু মিয়ার এক বিঘা, শীলু মিয়ার ১৫ কাঠা, রবিউলের ১৫ কাঠা, ডাবু মিয়ার এক বিঘা, বকুলের ১৫ কাঠা, রইছের এক বিঘা, জোরাপের ১০ কাঠা, হারুনের ১০ কাঠা, পাপ্পু আলীর ১০ কাঠা, সুজনের ১০ কাঠা, মধু মন্ডলের ১০ কাঠা, আদমের ১০ কাঠা, বাবুলের ১০ কাঠা, মুনিয়ারের ৫ কাঠা, ফরিদের ১০ কাঠা, কদমের ১০ কাঠা, জমির আলীর ১০ কাঠা, বাচ্চু মিয়ার ১০ কাঠাসহ মোট ২৬ জন কৃষকের প্রায় ২০ বিঘা জমি ভস্মীভূত হয়েছে।
তিনি আরো জানান, আগুন লাগার সংবাদে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, মাঠে কোনো পুকুর অথবা ডোবা না থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। তবে স্থানীয় বৈদ্যুতিক মোটর দিয়ে বসতবাড়ির পাশের বাঁশ বাগানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার রেহানা পারভীন জানান, তথ্য নিয়ে গেছে মোটা ২৬ থেকে ২৭ জন কৃষকের পানবরজে আগুন লেগে ১৬ থেকে ১৭ বিঘা জমির পান বরজ ও কলাবাগান পুড়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তা পাওয়া গেলে তাদের মধ্যে বন্টন করা হবে।
আলমডাঙ্গা উপজেলা দমকল স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আলমডাঙ্গা ও হরিণাকুন্ডু উপজেলা দমকলের চারটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই প্রায় ২০ বিঘা জমির পান বরজ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
স্বাআলো/এস
Debu Mallick