খুলনা বিভাগ

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি, নড়াইল জেলা প্রতিনিধি, নড়াইল | July 12, 2025

নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে জিল্লুর রহমান সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে এবং কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কুলশুর গ্রামের এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যে একটি ফুটবল খেলা চলছিল। খেলা চলাকালীন উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের পর বাবুপুর দলের সমর্থকরা কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে জিল্লুর রহমানকে খুঁজতে যায়। তারা জিল্লুর রহমানকে তার চাচাতো ভাই ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে পেয়ে হামলা করে এবং তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

ঘটনার পর পরিবারের লোকজন ও স্থানীয়রা আহত জিল্লুর রহমানকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে জিল্লুর রহমান সরদার নামে একজনের মৃত্যুর খবর পেয়েছি। খবর জানার পর কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo