Uncategorized

সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত যাত্রী

| August 2, 2024

জেলা প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে শাকিল মিয়া (৩২) নামে অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দুবুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানায় উপ-পরিদর্শক (এসআই) জামিনুর রহমান। নিহত শাকিল মিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ ইউনিয়নের একঢালা গ্রামের আবিদ আলীর ছেলে।

এসআই জামিনুর রহমান বলেন, রাত ৮টার দিকে গাজীপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে কাপাসিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে নরসিংদী থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাকিল নিহত হন।

এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে গেছেন এর চালক ও হেলপার। বর্তমানে ট্রাক ও দুর্ঘটনা কবলিত সিএনজিটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই এসআই।

স্বাআলো/এস

Debu Mallick