যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই নারী আহত হয়েছেন।
বুধবার (৭ মে) পৌর শহরের মধ্যকুল গ্রামের নাথপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর যুবলীগের নেতা ও একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত জামাল শেখের (৩৫) বসতবাড়ির ধানের গোলায় সংরক্ষিত অবস্থায় থাকা একটি ককটেল বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে সামছুর রহমানের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) এবং জামাল শেখের বোন ও আব্দুল গনি শেখের মেয়ে রুমা বেগম গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
যশোরে আকাশছোঁয়া সবজির দাম, বিপাকে মানুষ
খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, জামাল শেখ এলাকায় ‘জামাল বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে কেশবপুর থানায় অপহরণ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জামাল শেখ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আজকের এই বিস্ফোরণের ঘটনাকে তারা জামালের অপরাধমূলক কর্মকাণ্ডেরই ধারাবাহিকতা হিসেবে দেখছেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
স্বাআলো/এস
