জাতীয়

চুয়াডাঙ্গাসহ ৬ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

| February 8, 2025

চুয়াডাঙ্গাসহ দেশের ছয় জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামীকাল রবিবার ভোরের দিকে সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া আগামী সোমবার শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ দিন সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে রাত ও দিনের তাপমাত্রা ফের বাড়তে পারে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্বাআলো/এস

Debu Mallick