মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের পরিচালিত এক অভিযানে মশলা বাজার, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করে বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) শহরের জামরুলতলা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে অনিয়ম রোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।
মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক
অভিযানে জামরুলতলা এলাকার মেসার্স তালুকদার স্টোর নামক প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, মোড়কীকরণ বিধি অমান্য করে পণ্য প্যাকেজিং, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও, একই এলাকার অপর একটি প্রতিষ্ঠান মেসার্স অপূর্ব পাল এন্ড সন্স স্টোরের মালিক অমিত পালকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা রবিউল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।
সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, আমরা ভোক্তাদের অধিকার রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত রাখবো। অভিযান পরিচালনা করছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
স্বাআলো/এস
