লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) শহরের জামরুল তলা ও পুরাতন বাজারে মুদি দোকান তদারকি করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ সংরক্ষণ ব্যবহার, মানহীন পণ্য বিক্রয় ও মূল্য তালিকা না থাকার জন্য শহরের সৈয়দ আতর আলী সড়কের জামরুল তলার লিটন স্টোর, মরিয়ম স্টোর এবং পুরাতন বাজারের কুন্ডু স্টোর ও মোজাফফর স্টোরসহ চারটি দোকানে ১৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত বিশেষ টাস্কফোর্স টিম কর্তৃক তদারকির সময় উপস্থিত ছিলেন মাঠ ও বাজার পরিদর্শক আলমগীর হোসেন ও শিক্ষার্থী প্রতিনিধি।
এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মাগুরা পুলিশ লাইনের সদস্যবৃন্দ। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে বলে জানান কর্তৃপক্ষ।
স্বাআলো/এস
