শিক্ষা

ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা

| April 15, 2025

ঢাকা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একটি আনুষ্ঠানিক সময়রেখা (টাইমলাইন) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘোষণা অনুযায়ী, আগামী মে মাসের মধ্যেই নির্বাচন কমিশন গঠন এবং খসড়া ভোটার তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মনে করে, ডাকসু প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদেরও ডাকসু নির্বাচনের ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে। সেই কারণে প্রশাসন ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

এতে আরও উল্লেখ করা হয়, একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ডিসেম্বর মাস থেকেই বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সাথে আলাপ-আলোচনা চালিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের গৃহীত পদক্ষেপ ও অগ্রগতি নিয়ে একটি পথনকশাও (রোডম্যাপ) প্রকাশ করা হয়েছে।

এই পথনকশা অনুসারে, আগামী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝি সময়ে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই ঘোষণার মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন আয়োজনের পথে একটি সুনির্দিষ্ট অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাআলো/এস

Shadhin Alo