ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ জন বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।
শনিবার (২১ জুন) সাতক্ষীরার কুশখালী সীমান্তে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
কুশখালী বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার হাছিবুর রহমান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার।
সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি নাগরিক দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। পরবর্তীতে ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের সেদেশের বিভিন্ন রাজ্য থেকে আটক করে।
সাতক্ষীরায় আরো ২ জনের শরীরে করোনা শনাক্ত
তিনি আরো জানান, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় বিজিবি এই ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর হওয়া ১৪ জন বাংলাদেশিকে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদরাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের মেয়ে রাণী মন্ডল এবং দেবাশীষ মন্ডলের মেয়ে রিয়া মন্ডলসহ মোট ১৪ জন।
বিজিবি জানিয়েছে, এ ধরনের যৌথ পতাকা বৈঠক ও হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের সীমান্তবর্তী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
স্বাআলো/এস
