সিলেট ব্যুরো: হবিগঞ্জের বাহুবলে জালভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ তিনজন আটক হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) উপজেলার কামাইছড়া চা বাগান কেন্দ্রে জালভোট দিতে গেলে তাদেরকে আটক করা হয়।
এর মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামে একজনকে এক বছরের সাজা দেয়া হয়েছে। তিনি বালুছড়া চা বাগানের বাসিন্দা।
বাকি দুইজন কিশোর। তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
ব্যালটে সিল মারার সময় পুলিং এজেন্ট আটক
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জালভোট দিতে গিয়ে আটক দুই কিশোরের বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দেয়া হয়েছে। তাদেরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতাকারী রামেন্দ্র দাশ জানান, সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান কেন্দ্রে কয়েকজন শিশু জালভোট দিতে যায়। খবর পেয়ে পুলিশ স্কুলছাত্রসহ তিনজনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত গিয়ে তাদের মধ্যে একজনকে সাজা ও অপর দুইজনকে থানায় পাঠায়। তাদের বিরুদ্ধেও পরে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জে ৯ জন এবং বাহুবলে সাতজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার সকাল থেকে এ দু’টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
স্বাআলো/এস
