চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে শামীম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২য় ধাপে আগামী ২১ মে চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ মে) বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তিতে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে গত ২৩ এপ্রিল যাচাই-বাছাইয়ে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী সিদ্দিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়। পরে ৩০ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে শামীমের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয় তার প্রার্থীতা প্রত্যাহার করলে শামীম রেজাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে প্রার্থীতা বাতিলের পর সিদ্দিকুর রহমান হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট তাকে প্রতীক দিতে নির্দেশ দিলে ২ মে শামীমকে নির্বাচিত ঘোষণার গণবিজ্ঞপ্তি বাতিল করা হয় এবং একই দিন প্রতীক বরাদ্দ দেয়ার নির্ধারিত তারিখে প্রতীক বরাদ্দ দেয়া হয়। শামীম রেজা বৈদ্যুতিক বাল্ব এবং সিদ্দিকুর রহমানকে তালা প্রতীক পান।
৬ মে শামীম রেজা সিদ্দিকুরের পক্ষে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে সিভিল মিস পিটিশন ৩৭৫/২৪ দায়ের করেন। চেম্বার বিচারপতি এনায়েতুর রহিম আবেদন শুনানির জন্য আপীল বিভাগে পাঠিয়ে দেন। আপীল বিভাগে ৮ মে এবং ১৪ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির দিন থাকলেও শুনানি হয়নি। ১৫ মে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায়ের উপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেন। সর্বশেষ সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী শনিবার (১৮ মে) এ বিষয়ে নির্বাচন রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।
সুপ্রিম কোর্টের আদেশ ও নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক শামীম রেজাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাআলো/এস
