Uncategorized

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, আহত চার শতাধিক

| April 26, 2025

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৬ এপ্রিল) ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজাই বন্দরে এই মারাত্মক বিস্ফোরণ ঘটে।

ইরানের শুল্ক কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে আল-জাজিরা জানিয়েছে, বিস্ফোরণটি বন্দর ও সামুদ্রিক সংস্থার সাথে সম্পর্কিত সিনা কন্টেইনার ইয়ার্ডে সংঘটিত হয়েছে। এই এলাকাটি হোরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস শহর থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তরে অবস্থিত।

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৫২ ফিলিস্তিনি নিহত, আক্রমণ জোরদারের ঘোষণা নেতানিয়াহুর

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কোনো জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। তবে, ইরানের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। বিস্ফোরণের তীব্রতা এবং আহত ব্যক্তির সংখ্যা বিবেচনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

ইরানের জরুরি সেবা বিভাগ পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুরো এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

উল্লেখ্য, শহীদ রাজাই বন্দর ইরানের অন্যতম প্রধান সামুদ্রিক বন্দর, যা মূলত কন্টেইনার এবং তেল ট্যাংকার ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত হয়। এছাড়া, বন্দরে কিছু পেট্রোকেমিক্যাল স্থাপনাও বিদ্যমান। এর আগে, ২০২০ সালের মে মাসে এই বন্দরটি একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিলো। সেই হামলায় বন্দরের কম্পিউটার সিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক দিন ধরে পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

এই বিস্ফোরণের ঘটনা বন্দরটির নিরাপত্তা এবং কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo