চিত্রনায়ক অনন্ত জলিলের মুখে কেক তুলে দিয়ে মাস পাঁচেক আগে আলোচনায় আসা মডেল, উপস্থাপিকা ও ফ্যাশন ডিজাইনার নাজমি জান্নাত এবার নিজের বিয়ে এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শীতকালে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছেন, তবে তার শর্ত হলো, তিনি “শুধু বিয়ে করে যাবেন, সংসার করবেন না!”
শীতকালে বিয়ের প্রতি তার বিশেষ আগ্রহের কারণ ব্যাখ্যা করে নাজমি বলেন, “শীতে মেকআপ গলে না, গরম লাগে না এবং সাজসজ্জায় এক ধরনের আলাদা আমেজ থাকে।” তবে এর পরেই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, “আমি শুধু বিয়ে করে যাব, সংসার করব না।”
নিজের পছন্দের পাত্র কেমন হবে, এমন প্রশ্নের জবাবে নাজমি বলেন, “আমার একজন ভালো ছেলের প্রয়োজন। সেটা দেশের হোক বা দেশের বাইরের, এমনকি পৃথিবীর বাইরের এলিয়েনই হোক তাতেও কোনো সমস্যা নেই।” বিশেষত পাইলট ও মেরিন ইঞ্জিনিয়ারদের প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে, কারণ তাদের “ভদ্রতা ও মার্জিত ব্যক্তিত্ব” তাকে আকৃষ্ট করে।
বর্তমান সময়ের “টাইমপাস প্রেম” নিয়ে নাজমি তার নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। তিনি ‘৯০ দশকের প্রেমে’ বিশ্বাস করেন, যেখানে প্রেম মানেই বিয়ের দিকে সরাসরি এগিয়ে যাওয়া। তার কাছে প্রেম-বিদায় ধাঁচের সম্পর্ক গ্রহণযোগ্য নয়। নাজমি জানান, ভদ্রতা, সম্মান এবং মার্জিত আচরণ তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট মনোযোগ, যেমন “করে ডাকা বা দরজা খোলার মতো বিষয়গুলো” তার কাছে অনেক বড় হয়ে ওঠে।
মডেলিংয়ের পাশাপাশি নাজমি জান্নাত একজন সফল ফ্যাশন ডিজাইনার। তিনি জনপ্রিয় চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’-এর কস্টিউম ডিজাইনার হিসেবেও কাজ করেছেন।
নাজমি জান্নাতের এই ব্যতিক্রমী ভাবনা ও সাহসী মন্তব্য তার ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার জীবন, স্বপ্ন আর ফ্যাশনের এই ভিন্ন ধারার প্রকাশ অনেকের মনে কৌতূহল জাগিয়ে তুলছে।
স্বাআলো/এস
