ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে ছেলের হাতে খুন হয়েছেন শাহাদাত হোসেন (৬৫) নামে এক ব্যক্তি।
সোমবার (১৬ জুন) গ্রামের একটি ঝালের ক্ষেতে কাজ করার সময় ফয়সাল হোসেন নামে তার ছেলে তাকে কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত শাহাদাত ওই গ্রামের তাইজেল হোসেন ওরফের তাজেরের ছেলে।
স্থানীয় প্রতিবেশী আবদার হোসেন জানান, শাহাদাত হোসেন ও তার ছেলে ফয়সাল নিজেদের ঝালের ক্ষেতে কাজ করতে যান। কাজ করার সময় বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলে ফয়সাল তার হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই শাহাদাত হোসেন মারা যান।
ঝিনাইদহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
গ্রামবাসী আলী আজম জানান, নিহত শাহাদাত হোসেন জামায়াত কর্মী ছিলেন। তবে এই হত্যাকাণ্ডের পেছনে ফয়সালের মানসিক বিকারগ্রস্ততাকে দায়ী করছেন তারা। প্রতিবেশী আব্দুল আলীম নিশ্চিত করেছেন যে, ফয়সাল গত দুই বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং এর আগে তিনি তার মাকেও মারধর করে হাসপাতালে পাঠিয়েছিলেন।
ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত শাহাদাত হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।
স্বাআলো/এস
